ডিভাইস ও ইন্টারনেটে খরচ ব্যয় নয়, বিনিয়োগ : মন্ত্রী
করোনা মহামারি আকস্মিক হলেও বাংলাদেশে ডিজিটাল জীবনধারা আকস্মিকভাবে উপস্থিত হয়নি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক উপকরণ। এই ক্ষেত্রে এটি ব্যয় নয়, দক্ষ মানব সম্পদ তৈরির জন্য সঠিক বিনিয়োগ।
মন্ত্রী আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ঢাকায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ‘ডিজিটাল এডুকেশন ফর বেটার বাংলাদেশ’ বিষয়ক অনলাইন সেমিনার ও ‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন ২০২০’ এর মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে ইন্টারনেট ও শতকরা ৬৫ ভাগ রেয়াতে ল্যাপটপ প্রদান এবং সেমিস্টার ফি অর্ধেক করে দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ ছাড়াও ভার্চুয়াল এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-উপাচার্য (ডি) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।
সেমিনারে আলোচক হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হাফিজ হাসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লকচেইন , আইওটি ইত্যাদি ডিজিটাল প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ কখনো ব্যাহত হবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চলমান অগ্রগতি বেগবান করার জন্য শিক্ষার্থীদের উপযোগী ডিজিটাল মানব সম্পদ হিসেবে গড়ে তুলতেই হবে।